শাহীন আরাফাত শুভঃ
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি
উন্নত, নিরাপদ ও মানবিক বাঞ্ছারামপুর গড়তে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে বাঞ্ছারামপুর পৌরসভার দূর্গারামপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, “বাঞ্ছারামপুরকে পিছিয়ে রাখার রাজনীতির অবসান ঘটাতে এবার জনগণের সামনে একটি
ঐতিহাসিক সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে হলে মাথাল মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিতে হবে।
তিনি বলেন, মানুষের জীবনমান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। সে লক্ষ্যে যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে একটি সুস্পষ্ট উন্নয়ন অঙ্গীকার তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। শিশুদের যথাযথ বিকাশ এবং তরুণদের জন্য টেকসই ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
মেঘনা সেতু নির্মাণসহ উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।
সাকি বলেন, এই এলাকা আর অবহেলার শিকার হতে পারে না। ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও নিরাপত্তার রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ভোটের মাধ্যমেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ও উন্নত বাঞ্ছারামপুর গড়া সম্ভব।
এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, বাঞ্ছারামপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মম ইলিয়াস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মূসা, উপজেলা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী শামীম শিবলীসহ, উপজেলা বিএনপি ও উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী।
Leave a Reply