শাহীন আরাফাত শুভ :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬
(বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় প্রতীক ধানের শীষে কোনো প্রার্থী না দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, গত প্রায় ১৭ বছর ধরে দল ও ধানের শীষের প্রতীকের পক্ষে আন্দোলন-সংগ্রামে তারা জেল-জুলুম, মামলা-হামলা এবং ঘরছাড়া জীবনযাপনসহ নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। অথচ এবারের নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না থাকায় তারা নিজেদের রাজনৈতিকভাবে বঞ্চিত ও উপেক্ষিত মনে করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তৃণমূল নেতা বলেন,
“বাঞ্ছারামপুর আসন ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে ধানের শীষ ছাড়া নির্বাচন মানেই মাঠপর্যায়ের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া। আমরা দীর্ঘদিন লড়াই করেছি একটি প্রতীকের জন্য—আজ সেই প্রতীকই নেই।”
নেতাকর্মীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, দলীয় প্রতীকে প্রার্থী না থাকলে বাঞ্ছারামপুরে বিএনপির সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়বে, যা দীর্ঘদিনের রাজনৈতিক অর্জনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। তারা দ্রুত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় পর্যায়ের একাধিক ইউনিট নেতা জানান, এখনো মাঠপর্যায়ে কর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি। তৃণমূলের বিভিন্ন সভা-আলোচনায় বিষয়টি প্রধান ইস্যু হিসেবে উঠে আসছে, যা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
Leave a Reply