“ধানের শীষের প্রার্থী মনোনয়নের দাবিতে স্লোগানে মুখর রাত”
শাহীন আরাফাত শুভ :
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশাল মিছিল হয়েছে।
শুক্রবার রাতে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে বের করা হয় বিশাল মশাল মিছিল। রাত সাড়ে সাতটার দিকে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বিষ্ণুরামপুর বাজারে এসে সমাবেশে রূপ নেয়।
হাতে জ্বলন্ত মশাল—তার আলোয় পুরো বাজারজুড়ে তৈরি হয় উত্তপ্ত পরিবেশ। ডান বাম রাজনীতির বিরুদ্ধে স্লোগানে কেঁপে ওঠে তেজখালী।
সমাবেশে বক্তারা ডান–বাম রাজনীতির তীব্র সমালোচনা করে বলেন, “বাঞ্ছারামপুরে ডান ও বাম রাজনীতির কোনো অবস্থান নেই। এসব ভাঁড় রাজনীতি এই এলাকার মানুষ বহু আগেই প্রত্যাখ্যান করেছে।” তারা দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাঞ্ছারামপুরে ধানের শীষ প্রতীকের প্রার্থী ছাড়া জনগণ কাউকে মেনে নেবে না।
বক্তারা আরও বলেন,“বছরের পর বছর সংগ্রাম করে আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে মাঠে আছি। ডান-বামের মঞ্চ সাজিয়ে কেউ বাঞ্ছারামপুরের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারবে না। তৃণমূলের রক্ত–ঘামের লড়াই ধানের শীষের পক্ষেই।
বক্তারা জোর দিয়ে বলেন এ এলাকার মনোনয়ন ধানের শীষের প্রার্থীকেই দিতে হবে। জোটগতভাবে কিংবা বাইরে থেকে চাপিয়ে দেওয়া অন্য কাউকে মনোনয়ন দিলে তৃণমূল বিএনপির নেতা–কর্মীরা কোনোভাবেই তা মেনে নেবে না।”
তারা আরও বলেন, ধানের শীষই বাঞ্ছারামপুরের প্রাণ, আর তৃণমূলের ঐক্য ও শক্তিকে সম্মান জানিয়ে বিএনপির মনোনয়ন এই প্রতীকের প্রার্থীকেই দিতে হবে।
মশাল মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, এ মশাল মিছিলের মাধ্যমে তৃণমূলের শক্তি ও একতার বার্তা স্পষ্ট হয়ে গেছে—বাঞ্ছারামপুর ধানের শীষের দুর্গ, অন্য কারও জন্য এই মাঠ ছাড়বে না।
Leave a Reply